কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে

শীতের আমেজ আরও বাড়তে চলেছে কলকাতা-সহ গোটা রাজ্যে। মঙ্গলবার থেকেই ধীরে ধীরে নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে।

ফলে আগামী কয়েকদিনে রাজ্যজুড়ে শীতের অনুভূতি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমার প্রভাব বেশি অনুভূত হতে পারে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে।


তবে তাপমাত্রা কমলেও আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত শুষ্কই থাকবে।