দিল্লির ক্যাফেতে সহকর্মীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

দিল্লির পূর্ব প্রীত বিহারের একটি ক্যাফেতে ২২ বছর বয়সি এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল তাঁরই সহকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী ও অভিযুক্তরা একই ক্যাফেতে কাজ করেন। সোমবার রাতে প্রীত বিহারের ‘সলতানাতে ক্যাফে’তে সহকর্মীদের সঙ্গে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ওই তরুণী। রাত সাড়ে ১১টা নাগাদ ক্যাফে বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও, দলের এক সদস্যের কাছে চাবি থাকায় পার্টি চলতে থাকে। চলে মদ্যপান ও নাচগানও।


এরপর মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ ক্যাফে ছাড়েন তাঁরা। সেই রাতেই তরুণীর সঙ্গে কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করছে তদন্তকারী দল।