মর্মান্তিক পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে। পুলিশের l গাড়ির ধাক্কায় মৃত্যু হল মোটরবাইকে থাকা তিন কিশোরের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার গোন্দিয়া-তিরোরা সড়কে। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে পথ অবরোধ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গোন্দিয়া-তিরোরা সড়কের দান্ডেগাঁও বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই এলাকাটি গঙ্গাঝারি থানার অধীন। তিন কিশোর একটি মোটরবাইকে করে যাচ্ছিল। সেই সময় দ্রুতগতিতে আসা পুলিশের একটি গাড়ি তাদের বাইকে ধাক্কা মারে।
সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে, বাইকে থাকা তিন কিশোরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদের নাম কার্তিক ব্রিজলাল বিসেন (১৪), শিবপ্রসাদ কাম্বলে (১৬) এবং জিতেন্দ্র বাওয়ানকর (১৬)। বৃহস্পতিবার পুলিশ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে।