বড়সড় আইনি জটিলতায় ককরোচ জনতা পার্টির (CJP) নেতা সৌরভ দাস। তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার (LOC) জারি করেছে মুম্বই পুলিশ। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে এই কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, সৌরভের পাসপোর্টে একাধিক তথ্যগত অসঙ্গতির অভিযোগ তুলে তাঁর নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে আদালতে জানিয়েছে কেন্দ্র।
কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতে জানান, গত ২৩ নভেম্বর সৌরভ দাসের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়েছে। পাসপোর্ট সংক্রান্ত নথিতে একাধিক অসঙ্গতির অভিযোগের ভিত্তিতেই মুম্বই পুলিশের তরফে এই পদক্ষেপ করা হয়।
কী ধরনের অসঙ্গতি রয়েছে সৌরভের পাসপোর্টে? কেন্দ্রের দাবি, পাসপোর্টের আবেদনপত্রে বাবার নামের জায়গাটি ফাঁকা রাখা হয়েছিল। পাশাপাশি বিভিন্ন সরকারি নথিতে তাঁর ঠিকানা কোথাও দিল্লি, আবার কোথাও পুদুচেরি বলে উল্লেখ রয়েছে। তাঁর শিক্ষাগত যোগ্যতা এবং জন্মস্থান সংক্রান্ত তথ্যেও গরমিল রয়েছে বলে অভিযোগ।
বৃহস্পতিবার মামলার শুনানিতে সৌরভের আইনজীবী অখিল সিবল দাবি করেন, তাঁর মক্কেলকে লুক আউট সার্কুলার সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি। কেন বিদেশযাত্রায় বাধা দেওয়া হল, সেই বিষয়েও কোনও স্পষ্ট নির্দেশ দেখানো হয়নি বলে আদালতে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে কেন্দ্র জানিয়েছে, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় সৌরভকে শো-কজ নোটিস পাঠানো হয়েছিল। পাসপোর্ট সংক্রান্ত অসঙ্গতির বিষয়ে জবাব দেওয়ার জন্য তাঁকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে তাঁর পাসপোর্ট বাতিল করা হয়নি বলেও আদালতে জানিয়েছে কেন্দ্র।
আপাতত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৯ ডিসেম্বর।