সাত বছরের আইনি লড়াইয়ের অবসান জেট এয়ারওয়েজ কর্মীদের

দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে স্বস্তির খবর পেলেন বন্ধ হয়ে যাওয়া বিমান সংস্থা জেট এয়ারওয়েজের কর্মীরা। সংস্থার প্রাক্তন কর্মীদের গ্র্যাচুইটি ও তার সুদ-সহ যাবতীয় পাওনা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল (NCLAT)। আগামী দু’সপ্তাহের মধ্যে সমস্ত কর্মীর প্রাপ্য টাকা মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশের ফলে জেট এয়ারওয়েজের কর্মীদের মোট পাওনার পরিমাণ প্রায় ৪৮০ কোটি টাকা হতে পারে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে নিজেদের প্রাপ্য অর্থ আদায়ের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন সংস্থার কর্মীরা। অবশেষে ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তে তাঁদের সেই লড়াইয়ে গুরুত্বপূর্ণ সাফল্য এল।


NCLAT-এর নির্দেশ অনুযায়ী, কর্মীদের গ্র্যাচুইটির টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে। শুধু গ্র্যাচুইটি নয়, কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (PF)-এর বকেয়াও মিটিয়ে দিতে হবে। তবে পিএফের টাকা সরাসরি কর্মীদের হাতে দেওয়া যাবে না। সংশ্লিষ্ট পিএফ দফতরের মাধ্যমে সেই অর্থ কর্মীদের নির্দিষ্ট প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করতে হবে। উল্লেখ্য, ২০১৯ সালে আর্থিক সংকটের কারণে জেট এয়ারওয়েজের পরিষেবা বন্ধ হয়ে যায়।