ভারতের জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি ও কুইক কমার্স সংস্থা সুইগিতে ফের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। সংস্থার কুইক-কমার্স শাখা ইনস্টামার্ট থেকে প্রায় ৩৪০টি পদ ছাঁটাই করতে চলেছে সুইগি। সংস্থার কার্যক্রম আরও সুসংগঠিত করা এবং পরিচালন ব্যবস্থার খরচ কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। শুক্রবার রয়টার্সকে এমনটাই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি।
ভারতের কুইক কমার্স বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতাও সুইগির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই বাজারে সুইগির ইনস্টামার্টের প্রধান প্রতিদ্বন্দ্বী এটার্নাল পরিচালিত ব্লিঙ্কিট এবং জেপ্টো। দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে প্রতিটি সংস্থাই নিজেদের ডার্ক স্টোরের সংখ্যা বাড়াচ্ছে। পাশাপাশি গ্রাহকদের আকৃষ্ট করতে পরিষেবার গতি বৃদ্ধি এবং বাজারের দখল বাড়ানোর চেষ্টা চলছে।
এই তীব্র প্রতিযোগিতার মধ্যে ব্যবসার খরচ নিয়ন্ত্রণে রাখা এবং পরিচালন ব্যবস্থাকে আরও কার্যকর করা সুইগির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই লক্ষ্যেই ৩৪০টি পদ ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।