সামনে রানের যত উঁচুই পাহাড় হোক না কেন এই ভারতীয় দলের ব্যাটে সব সম্ভব সে এভারেস্ট হোক বা কাঞ্চনজঙ্ঘা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে সামনে ছিল প্রায় ৩০০ রানের লক্ষ্যমাত্রা, যা এত সহজে পেরিয়ে গেল যেন খড়ের ঢিবি। আর বুধবার সেই পাহাড়ে উচ্চতা বাড়ল ১০০ রানেরও বেশি। তাতে কী, সেটাই রীতিমতো খেলার ছলেই টপকে গেলেন ভারতীয় ব্যাটাররা। প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় ম্যাচে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে আরও একবার বুঝিয়ে দিলেন শুভমান গিল (Shubman Gill), অধিনায়কত্ব রয়েছে সঠিক হাতেই। গত দিন তাঁর সঙ্গে ছিল বিরাট কোহলির সেঞ্চুরি আর এদিন সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা। প্রতিপক্ষের তিন সেঞ্চুরির জবাবে ভারতের জবাব ছিল একদম সহজ। গুয়াহাটিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের ৪০৫ রানের জবাবে ৩৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় তুলে নেয় তারা।
ক্যারিবিয়ান ওপেনার জন ক্যাম্পবেলের ব্যাট থেকে আসে ৬৮ বলে ১০১ রান। আর এক ওপেনার কেসি কার্টি অবশ্য ভরসা দিতে পারেননি। মাত্র ৯ রান করেই ফিরে যান প্যাভেলিয়নে। এর পর তিন ও চার নম্বরে নেমে দাপট দেখান অধিনায়ক শাই হোপ ও আমির জাঙ্গু। হোপের ব্যাটে আসে ৯৪ বলে ১০৪ রান। অন্যদিকে ৭ বলে ১১৪ রান করেন জাঙ্গু। ১৪৭-২ থেকে ওয়েস্ট ইন্ডিজের রানকে ৩০০ রানের গন্ডি পার করে দেন এই দুই ব্যাটার। এর পর আর কেউ বড় রান করতে পারেননি। শেরফানে রাদারফোর্ড ০, রোস্টন চেস ২৯, কেমো পল ৩, আলজারি জোসেফ ৮ রান করে আউট হন। ১৪ রানে অপরাজিত থাকেন শমর জোসেফ। ৫০ ওভারে ৪০৫-৭-এ থামে ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের হয়ে দুটো করে উইকেট নেন গুরনূর ব্রার, রবীন্দ্র জাডেজা ও কুলদপ যাদব। এক উইকেট প্রসিধ কৃষ্ণার। তবে ৪০০ রানের লক্ষ্যমাত্র ভারতের জন্য সহজ হবে তা কেউই নিশ্চই ভাবেনি। কিন্তু ওপেন করতে নেমে শুরু থেকেই জয়ের সরণিতে হাঁটতে শুরু করে দেন ভারতের দুই ওপেনার। আজও বুড়ো হারে ভেলকি দেখিয়ে চলেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার। আগের দিন সেঞ্চুরি এসেছিল বিরাটের ব্যাটে। এদিন সেই কাজ করে গেলেন রোহিত শর্মা। গত ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েও বিরাটের লাইম লাইটে ধামচাপা পড়ে গিয়েছিল শুভমানের সাফল্য, এদিন অবশ্য ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন।
রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নেমেছিলেন ভারতীয় ওডিআই ও টেস্ট অধিনায়ক শুভমান গিল। শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন দুই তারকা ওপেনার। যার ফলে ওপেনিং জুটিতেই আড়াইশো রানের গন্ডি পেরিয়ে যায় ভারত। রোহিত শর্মা ৭৫ বলে ১০টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০১ রানের ইনিংস খেলেন। তিন নম্বরে নেমে ২৯ রানে ফেরেন বিরাট কোহলি। ৩১ রানে অপরাজিত থাকেন রুতুরাজ গায়কোয়াড়। তবে শুভমানকে আউট করার রাস্তা খুঁজে পাননি ওয়েস্টট ইন্ডিজ বোলাররা। ভাগ্যিস লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারত না হলে হয়তো এদিন ট্রিপল সেঞ্চুরিও করে দিতে পারতেন তিনি। ১৩৩ বলে২ ৬টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২২৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাচের সেরা স্বাভাবিকভাবেই শুভমমান গিল। ৪৩.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৪০৬ রান তুলে নেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন জেডন সেলস ও শমর জোসেফ।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
