Ectopic Tooth কী? পুরো বিশ্বকে চমকে দিয়েছে ভারতের এই ঘটনা

Ectopic Tooth

নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, ভারতে অত্যন্ত অস্বাভাবিক একটি ঘটনা ঘটেছে, যেখানে চিকিৎসকরা মানুষের চোখের কোটরে (eye socket) একটি দাঁত (Ectopic Tooth) গজাতে দেখেছেন। ভারতের ১৬ বছর বয়সী এক কিশোর তার বাঁ চোখের ওপর একটি অদ্ভুত, ব্যথাহীন ফোলা অংশ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসকরাই অবাক হয়ে যান। সংবাদমাধ্যমের তথ্যমতে, শুরুতে এটি একটি ছোট ফোলা অংশ ছিল, কিন্তু দ্রুতই চোখের পাতা ও ভ্রুর মাঝখানের ত্বক ভেদ করে দু’টি শক্ত, সাদা অংশ বেরিয়ে আসতে শুরু করে। এরপর চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও সিটি স্ক্যান করে নিশ্চিত হন যে, তার চোখের কোটরের ওপরের অংশে—যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘সুপিরিয়র অরবিট’ বলা হয়—সেখানে একটি পূর্ণাঙ্গ দাঁত গজিয়েছে। এই কেস স্টাডির বিস্তারিত তথ্য ‘আমেরিকান অ্যাকাডেমি অফ অপথালমোলজি’-তে প্রকাশিত হয়েছে।

‘একটোপিক টুথ’ (Ectopic Tooth) কী?


এই বিরল ঘটনাটিকে বলা হয় ‘একটোপিক টুথ’ বা স্থানচ্যুত দাঁত—অর্থাৎ এমন একটি দাঁত যা মুখের ভেতরে না হয়ে অন্য কোনও ভুল জায়গায় তৈরি হয় বা বেরিয়ে আসে। কেস স্টাডির সহ-লেখক ডা. মেঘনা তানওয়ারের মতে, চোখের কোটরের ওপরের অংশে (সুপিরিয়র অরবিট) দাঁত গজানোর এটিই প্রথম এবং একমাত্র ঘটনা।

চিকিৎসকদের মতে, ইতিহাসে এই প্রথমবার চোখের কোটরের মতো নির্দিষ্ট কোনও স্থানে একটি ‘একটোপিক টুথ’ বা ভুল জায়গায় গজানো দাঁত পাওয়া গেল।

মুখের তালু বা নাসাগহ্বরের গভীরে দাঁত পাওয়া বিরল হলেও, মাঝেমধ্যে এমনটা ঘটতে দেখা যায়। শারীরিক বিকাশজনিত সমস্যা বা অতীতে কোনও আঘাতের কারণে কখনও কখনও নাসিকাপথে দাঁত গজাতে দেখা গিয়েছে। তবে চোখের কোটরের ভেতরে দাঁত পাওয়ার ঘটনা একেবারেই নজিরবিহীন।

এই বিশেষ ঘটনাটি কেন ঘটল, তা নিয়ে গবেষকরা এখনও অনুসন্ধান চালাচ্ছেন; কারণ ওই কিশোরের মুখে কোনও আঘাতের ইতিহাস বা কোনও জেনেটিক সমস্যা খুঁজে পাননি চিকিৎসকরা।

স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে, তার মাথার খুলির অন্য কোথাও আর কোনও বাড়তি দাঁত নেই; কেবল একটি দাঁত ভুলবশত অন্য জায়গায় তৈরি হয়ে গিয়েছিল।

দাঁতটিকে নিরাপদে অপসারণের জন্য চিকিৎসকরা সফলভাবে একটি অস্ত্রোপচার সম্পন্ন করেন, যার ফলে ফোলা ভাব দূর হয় এবং দীর্ঘমেয়াদী জটিলতার ঝুঁকিও এড়ানো সম্ভব হয়েছ।

ঘটনাটি নিয়ে মন্তব্য করতে গিয়ে ডা. তানওয়ার বলেন, “এটি কেবল আমাদের জন্যই নয়, বরং পুরো বিশ্বের জন্যই প্রথম ঘটনা ছিল। আমরা এটি দেখে অত্যন্ত অবাকও হয়েছিলাম।”

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google