যুক্তরাষ্ট্রের শিকাগোর ইলিনয় রাজ্যের অরোরা এলাকায় একটি হিন্দু উপাসনালয়ে হামলার পরিকল্পনা করার অভিযোগে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে শুটিং করার সময় তার বন্দুকটি জ্যাম হয়ে যায়। না হলে কী হতে পারত সেটা ভেবেই শিউড়ে উঠছেন স্থানীয়রা। কর্তৃপক্ষের ভাষ্যমতে, প্যালাটাইন এলাকার বাসিন্দা আলেকজান্দ্রোস পাপোরাকিসকে গ্রেফতার করা হয়। একটি সম্ভাব্য মাস শুটিংয়ের ষড়যন্ত্র নিয়ে তদন্তের সময় তার কাছ থেকে এমন একটি ইশতেহার উদ্ধার করা হয়, যাতে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শের বহিঃপ্রকাশ ছিল এবং ‘ভারতীয় বংশোদ্ভূত’ ব্যক্তিদের বিরুদ্ধে সহিংসতার উল্লেখ ছিল।
হিন্দু সম্প্রদায়ের উৎসবের মরসুম—যার শুরু হয়েছে নবরাত্রির মধ্যে দিয়ে—এমন সময়েই এই গ্রেফতারের ঘটনা ঘটল। এর মাত্র দুই সপ্তাহ আগেই ওহাইও অঙ্গরাজ্যের রিচমন্ড হাইটসে অবস্থিত ‘শ্রী স্বামীনারায়ণ ভাদতাল ধাম’ হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছিল।
বুধবার রোলিং মিডোসের কুক কাউন্টি থার্ড মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট আদালতে পাপোরাকিসকে হাজির করা হলে বিচারক তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। তার পরবর্তী শুনানির তারিখ ৩০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।