জার্মানির বোখুম শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয় নাগরিকই কেরালা থেকে এসেছিলেন। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন—ইদুক্কি জেলার কাটাপ্পানার নোভা সাবু (২৫), কোল্লাম জেলার অঞ্জলি শীলা জয় (২৫) এবং এরনাকুলাম জেলার কালাডির সিভিন জনি (২৬)।
জার্মান সংবাদমাধ্যম ‘এন-টিভি’ (n-tv)-এর প্রতিবেদন অনুযায়ী—জার্মান সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, জার্মান পুলিশ ওই একই ভবনে বসবাসকারী ৪১ বছর বয়সী এক রোমানিয়ান নাগরিককে হত্যার সন্দেহে গ্রেফতার করেছে। বোখুম পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন যে, ওই ব্যক্তির বিরুদ্ধে হত্যার প্রাথমিক সন্দেহ রয়েছে এবং পুলিশের হোমিসাইড স্কোয়াড (হত্যাকাণ্ড তদন্তকারী দল) তাকে জিজ্ঞাসাবাদ করেছে।
স্থানীয় সময় ভোর সোয়া চারটার দিকে বোখুমের হফস্টেডে এলাকার পোস্টস্ট্রাসে অবস্থিত একটি বহুতল আবাসিক ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলকর্মীরা ভবনের দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন মালয়ালি শিক্ষার্থী রয়েছেন, যার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।