বিদেশে বিশেষ করে রাশিয়া ও ইসরায়েলে—চাকরি দেওয়ার নাম করে অন্তত ৪১ জনের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি ভিসা জালিয়াতি চক্রের ‘মূল হোতা’কে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
অভিযুক্ত শান্তারাম বারকু শেলকে দিল্লির ‘এম/এস এসএস ওভারসিজ ট্রাভেলস এজেন্সি’র মালিক। অভিযোগ রয়েছে যে, বিদেশে চাকরি নিশ্চিত হয়েছে—ভুক্তভোগীদের এমনটা বিশ্বাস করানোর জন্য তিনি ভুয়ো চাকরির প্রস্তাবপত্র (অফার লেটার), নকল ভিসা এবং বিমানের টিকিট ইস্যু করেছিলেন।
পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন বন্ধ রাখা এবং বিভ্রান্তিকর ঠিকানা দেওয়ার মাধ্যমে কর্তৃপক্ষের নজর এড়িয়ে চলার পর মহারাষ্ট্রের পালঘর জেলার নালাসোপারা থেকে শেলকেকে গ্রেফতার করা হয়।