জুরিখ বিমানবন্দরে ৬ সেপ্টেম্বর ওড়ার আগে অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর এয়ার ইন্ডিয়ার এক সহ-পাইলটকে (ফার্স্ট অফিসার) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর কয়েক সপ্তাহ আগেই ফুকেট-দিল্লি রুটের একটি ফ্লাইটের পর এয়ার ইন্ডিয়ার আরেকজন পাইলট গাঁজা সেবনের পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছিলেন। দিল্লিগামী বিমানটি ওড়ার ঠিক আগমুহূর্তে ওই সহ-পাইলটকে বিমান থেকে সরিয়ে নেওয়া হয়, কারণ কর্তৃপক্ষের সন্দেহ হয়েছিল যে তিনি মদ্যপান করেছেন। এয়ার ইন্ডিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তিনি প্রাথমিক পরীক্ষায় ব্যর্থ হয়েছেন এবং জুরিখে করা দ্বিতীয় আরেকটি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।