১ নভেম্বর ২০২৬ থেকে ভারতে ফোনে অজানা নম্বর থেকে আসা কলের ক্ষেত্রে শুধু নম্বর নয়, কলারের নামও দেখা যাবে। কেন্দ্রীয় টেলিকম দফতর (Telecom Rules) টেলিকম সংস্থাগুলিকে Calling Name Presentation (CNAP) পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছে। তার মানে ট্রু কলারের মতো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই এখন জানা যাবে কে কল করছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনও নম্বর ফোনের কনট্যাক্ট লিস্টে সেভ করা না থাকলেও ইনকামিং কলের সময় সেই নম্বরের সঙ্গে নাম দেখাবে। নম্বরটি সেভ করা থাকলে অবশ্য ফোনে আগে থেকে সংরক্ষিত নামই প্রদর্শিত হবে। আর নম্বর সেভ না থাকলে নাম নেওয়া হবে সংশ্লিষ্ট টেলিকম সংস্থার সাবস্ক্রাইবারস রেকর্ড বা কেওয়াইসি-ভিত্তিক তথ্য থেকে।
প্রাথমিকভাবে 4G এবং তার পরবর্তী প্রজন্মের মোবাইল নেটওয়ার্কে CNAP চালু হচ্ছে। 2G, 3G এবং ল্যান্ডলাইন পরিষেবায় এই ব্যবস্থা চালুর বিষয়টি পরে আলাদাভাবে বিবেচনা করা হবে। গ্রাহককে এই পরিষেবা চালু করার জন্য আলাদা করে কোনও আবেদন করতে হবে না।
বিদেশি নম্বরের ক্ষেত্রে কী হবে?
আন্তর্জাতিক কলের ক্ষেত্রে নিয়মটি আলাদা। ফোনে নম্বরটি সেভ করা না থাকলে কলারের নামের বদলে “International Call” লেখা দেখা যাবে।
ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা
ব্যবসা ও বাল্ক কানেকশন ব্যবহারকারীরা নির্দিষ্ট নিয়ম মেনে নিজেদের প্রেফার্ড নেম দেখাতে পারবেন। তবে সেই নামের মালিকানা প্রমাণের জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন বা GST-তে নথিভুক্ত ট্রেড নেম-এর মতো বৈধ নথি দিতে হবে এবং টেলিকম সংস্থাকে তা যাচাই করতে হবে।
গোপনীয়তা কতটা সুরক্ষিত?
CNAP ব্যবস্থায় কলারের নাম ও নম্বরের তথ্য নিরাপদভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। কল শেষ হওয়ার পর নাম সংক্রান্ত তথ্য query-response প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষিত না রাখার কথাও বলা হয়েছে। এছাড়া যাঁরা Calling Line Identification Restriction (CLIR) ব্যবহার করেন, তাঁদের নাম প্রদর্শিত হবে না।
নতুন ব্যবস্থার অন্যতম লক্ষ্য হল অজানা নম্বরের পরিচয় সম্পর্কে গ্রাহকদের আরও তথ্য দেওয়া এবং স্প্যাম বা প্রতারণামূলক কল চিহ্নিত করতে সাহায্য করা। তবে ফোনে কোনও নাম দেখালেই সেই কল যে নিশ্চিতভাবে নিরাপদ—এমন নিশ্চয়তা অবশ্যই নয়।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
