হিমাচল প্রদেশ রাজ্য সমবায় ব্যাঙ্ক ধ্বংসস্তুপের নিচে

মান্ডি জেলার থুনাগ শহরে অবস্থিত হিমাচল প্রদেশ রাজ্য সমবায় ব্যাঙ্কে শত শত গ্রাহক, যার মধ্যে আশেপাশের শহরগুলির ব্যবসায়ীরাও ছিলেন, তাদের উপার্জন জমা করার জন্য দিনের পর দিন খেটেছেন। মানুষ তাদের জীবনের সঞ্চয় দিয়ে ব্যাঙ্কের উপর আস্থা রেখেছিলেন, বিশ্বাস করেছিলেন যে এটি তাদের অর্থ, নথিপত্র এমনকি গয়না রাখার সবচেয়ে নিরাপদ জায়গা। তবে রাজ্যে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি এবং আকস্মিক বন্যায় প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে সেই ব্যাঙ্ক। দোতলা ব্যাঙ্ক ভবনের প্রথম তলা জল এবং ধ্বংসাবশেষে ভরে রয়েছে। জলের গতি এতটাই ছিল যে একপাশের শাটার উপড়ে পড়েছে এবং অন্য দু’টি শাটার বেঁকে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনও স্পষ্টতা নেই, যার আনুমানিক পরিমাণ কোটি টাকার এবং লক্ষ লক্ষ টাকার গয়নাও রয়েছে। ধ্বংসাবশেষ সরানোর পরে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হবে।