হরিয়ানার ফরিদাবাদে গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক প্রবীণ তথ্যপ্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ আধিকারিকের। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রতিবেশী নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে প্রায় ১৫ রাউন্ড গুলি চালান। তার মধ্যে ন’টি গুলি লাগে ওই ব্যক্তির শরীরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
মৃতের নাম পরমজিৎ ধনখড়। তিনি একসময় ভারতের অন্যতম বড় তথ্যপ্রযুক্তি সংস্থা টেক মহিন্দ্রার এশিয়া অঞ্চলের কার্যক্রমের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি ভিয়েতনাম-ভিত্তিক একটি সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, ভাগ্নের বিয়েতে যোগ দিতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিলেন পরমজিৎ। ফরিদাবাদের যে আবাসনে তিনি থাকতেন, সেখানে গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশী মোহন ওরফে মনু শর্মার সঙ্গে তাঁর বচসা শুরু হয়। সেই বিবাদই ক্রমশ চরমে ওঠে। এরপরই পিস্তল বের করে পরমজিতের দিকে এলোপাথাড়ি গুলি চালান অভিযুক্ত। ঘটনার পর অভিযুক্ত মোহন ওরফে মনু শর্মা পরিবারের সদস্যদের নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।