হায়দরাবাদের একটি অভিজাত হোটেলের ঘর থেকে উদ্ধার হল ৪১ বছর বয়সি এক মার্কিন নাগরিকের মৃতদেহ। মৃতের নাম মিচেল ব্রায়ান লি। তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। হায়দরাবাদের গাচিবাউলিতে SLN Terminus-এর Marriott Executive Apartments হোটেলে তাঁর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলের ঘরের ভিতর থেকে সন্দেহজনক পরিস্থিতিতে তাঁর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, গত ২ নভেম্বর ব্যবসায়িক কাজে হায়দরাবাদে এসেছিলেন মিচেল। তাঁর সঙ্গে ছিলেন ব্যবসায়িক অংশীদার ডেভিড। দু’জনেই ওই হোটেলে থাকছিলেন। কিন্তু কীভাবে এবং কোন পরিস্থিতিতে মিচেলের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়।
একজন বিদেশি নাগরিকের হোটেলের ঘরে এভাবে মৃত্যু হওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।