বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার অভিনেতার কাছে একটি নতুন ইমেল আসে। সেখানে তাঁর বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর সামনে আসতেই অমিতাভের বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়।
পুলিশ সূত্রে খবর, অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাংলো ‘জলসা’-তে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছিল ইমেলে। শুধু অভিনেতার বাড়িই নয়, একই ইমেল পাঠানো হয়েছিল বম্বে হাই কোর্ট এবং মহালক্ষ্মী রেসকোর্সেও।
হুমকি পাওয়ার পরই পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা আধিকারিকরা তৎপর হয়ে ওঠেন। জলসা, বম্বে হাই কোর্ট এবং মহালক্ষ্মী রেসকোর্সে তল্লাশি চালানো হয়। তবে কোথাও কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ইমেলের উৎস খুঁজছে পুলিশ।