আমেরিকার ভার্জিনিয়ায় স্ত্রীকে খুনের অভিযোগে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত নরেশ ভাট আদালতে দাঁড়িয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি করলেন। তাঁর বক্তব্য, স্ত্রী মমতা কাফলে ভাট আত্মহত্যা করেছিলেন। স্ত্রীর নিথর দেহ বিছানার পাশে পড়ে থাকতে দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এরপর তাঁর দেহ করাত দিয়ে কেটে টুকরো করেন বলে আদালতে জানিয়েছেন নরেশ।
২০২৪ সালে ২৮ বছর বয়সি মমতা কাফলে ভাটের নিখোঁজ হওয়া এবং তাঁর সম্ভাব্য হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত নরেশ। তাঁর বিরুদ্ধে খুন, মৃতদেহ বিকৃত করা এবং দেহ লুকিয়ে রাখার অভিযোগ আনা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি।
আদালতে নরেশের দাবি, তিনি স্ত্রীকে বিছানার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন। তাঁর চারপাশে বমি ছড়িয়ে ছিল। নরেশের বক্তব্য অনুযায়ী, মমতা কয়েকটি ওষুধের বড়ি এবং অত্যন্ত বিষাক্ত কীটনাশক খেয়েছিলেন। তাঁর দাবি, এর ফলেই মমতার মৃত্যু হয়।