পঞ্জাবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কর্মভূমি এক্সপ্রেসের যাত্রীরা। শুক্রবার সরাই বানজারা রেলস্টেশনের কাছে ট্রেনটির চারটি কামরায় আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রেল সূত্রে জানা গিয়েছে, অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেসের ইঞ্জিনের দিক থেকে পঞ্চম কামরায় প্রথম আগুন নজরে আসে। পরে আগুন ছড়িয়ে পড়ে মোট চারটি কামরায়। ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ঘটনার খবর পেয়েই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। কীভাবে আগুন লাগল এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনও প্রাণহানির খবর মেলেনি।