সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে আবার চুরি

এটা প্রথমবার নয়। বছর খানেক আগেও বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে বরসর চুরির ঘটনা ঘটেছিল। তার কিনারা এখনও করতে পারেনি পুলিশ। তার মধ্যেই আবার সেই একই জায়গায় চুরির ঘটনা ঘটল। যার পর খোয়া গিয়েছে বুলার সব পুরস্কার, পদক, মেডেল। যাতে ভেঙে পড়েছেন বাংলার এই সাঁতারু। দীর্ঘ দিনের লড়াই আর সাফল্যের নজির এই সব পদক। যা আর ফিরে পাওয়া প্রায় অসম্ভব যদি না পুলিশ চোরেদের হাত থেকে তা উদ্ধার করতে পারে। বুলা চৌধুরী হিন্দমোটরের বাড়িতে সব সময় থাকেন না। তিনি থাকেন কসবায়। তবে মাঝে মাঝে সেখানে যান। বাকি সময় তালা বন্ধই থাকে। শুক্রবার সকালে তাঁর প্রতিবেশীদের তরফে ফোন করে বলা হয় তাঁর বাড়ির তালা ভাঙা অবস্থায় রয়েছে। তার পরই পুলিশে খবর যায় এবং হিন্দমোটরের বাড়িতে পৌঁছন বুলা। স্বভাবতই ভেঙে পড়েছেন তিনি। একজন ক্রীড়াবিদের কাছে টাকার থেকে অনেকবেশি দামি তাঁর সাফল্যের পুরস্কার।