শনিবার রাশিয়ার বাশকোর্তোস্তান প্রজাতন্ত্রের একটি বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের হস্টেলের একটি স্পোর্টস হলে ছুরিকাঘাতের ঘটনায় একজন ভারতীয়সহ অন্তত ছয়জন এবং দু’জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এক কিশোর ছুরি হাতে রাশিয়ার বাশকোর্তোস্তান প্রজাতন্ত্রের উফাতে অবস্থিত স্টেট মেডিকেল ইউনিভার্সিটির মেডিকেল ছাত্রাবাসে প্রবেশ করে এবং সেখানে বসবাসকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে ছুরিকাঘাত করে। আরটিভিআই.কম ওয়েবপোর্টালকে উদ্ধৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইরিনা ভলক বলেছেন, “হামলাকারী গ্রেপ্তারের সময়ও আক্রমণ করায় দুজন পুলিশকর্মী ছুরিকাহত হন। এছাড়াও, সন্দেহভাজন ব্যক্তিটি নিজের শরীরেও আঘাত করে।” তবে শিক্ষার্থীদের পরিচয় বা দেশ প্রকাশ করা হয়নি।