খামেনি-সহ মৃত্যু তার পরিবারের অনেকের, নিশ্চিত করল ইরান

রবিবার ইরান নিশ্চিত করেছে যে সর্বোচ্চ নেতা আলী খামেনি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে, ইরানের ভূখণ্ডে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলার পর ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে, দেশজুড়ে ঊর্ধ্বতন নেতৃত্ব এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে সমন্বিত হামলার পর শনিবার খামেনির মৃত্যু হয়েছে। একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা এর আগে রয়টার্সকে বলেছিলেন যে হামলার পর ইরানি নেতার মৃতদেহ তার কম্পাউন্ডের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেরসূত্র দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৮৬ বছর বয়সী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে এবং নাতি বিমান হামলায় নিহত হয়েছেন। ইরানের সরকারি গণমাধ্যমও বিমান হামলায় ৮৬ বছর বয়সী ধর্মীয় নেতার জামাই এবং পুত্রবধূর মৃত্যুর বিষয়েও নিশ্চিত করেছে।