স্কুলের হস্টেলে তান্ডব নবমশ্রেণির ছাত্রের, মৃত ১

রবিবার গভীর রাতে কর্ণাটকের বল্লারি জেলায় একটি স্কুল হস্টেলের ভেতরে নবম শ্রেণির এক ছাত্র রীতিমতো তাণ্ডব চালায়। তাঁর সহপাঠীদের উপর লোহার রড দিয়ে হামলা চালায় সে, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং আরও সাতজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলে সামান্য বিবাদের পর পালানো অভিযুক্ত ছাত্রটি বিছানার রড দিয়ে হোস্টেলের ছাত্রদের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় একজন ছাত্র মারা যায় এবং আরও সাতজন আহত হয়। স্কুল কর্তৃপক্ষ ঘটনাটিকে লোহার রড দিয়ে হামলা বলে অভিহিত করেছে, তবে আক্রান্তদের পরিবারের তরফে দাবি করা হয়েছে যে ছেলেটিকে ছুরি দিয়ে ছুরিকাঘাত করা হয়েছে এবং স্কুলের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে। প্রাথমিক তদন্ত অনুসারে, রাতের খাবারের পর ছাত্ররা যখন হোস্টেলে ঘুমাচ্ছিল, তখন এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত একাধিক ছাত্রকে রড দিয়ে আঘাত করে এবং হোস্টেলের ওয়ার্ডেনের উপর হামলা চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এই খবরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ছাত্রদের অভিভাবকদের মধ্যে।