আমি বেঁচে, জানালেন নেতানিয়াহু

বেঞ্জামিন নেতানিয়াহু নিশ্চিত করছেন যে তিনি বেঁচে রয়েছেন। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও একটি ভিডিও পোস্ট করেছেন—এবার তাঁর সঙ্গে ছিলেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইরানের সঙ্গে চলতি সংঘাতের মাঝে তিনি নিহত হয়েছেন বলে যে সব ষড়যন্ত্র তত্ত্ব (conspiracy theories) ভাইরাল হয়েছে, সেগুলোকে নস্যাৎ করার প্রচেষ্টায় তিনি যেন আরও জোর দিলেন। “আমি জীবিত আছি,” ইসরায়েলি প্রধানমন্ত্রী হাসিমুখে এ কথা বললেন। ভিডিওতে তিনি বলেন, “আমরা যখন হাত মেলাই, তখন আমাদের প্রতিটি হাতে পাঁচটি করে আঙুল থাকে।” এই মন্তব্যটি ছিল সেই সব ভাইরাল পোস্টের প্রতি সরাসরি কটাক্ষ, যেখানে দাবি করা হয়েছিল যে—ইসরায়েলি নেতার আগের ভিডিও ফুটেজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ দ্বারা তৈরি। এমনকি কিছু ব্যবহারকারী একটি ভিডিও ক্লিপে তার হাতে “ষষ্ঠ আঙুল” দেখতে পাওয়ারও দাবি করেছিলেন। সর্বশেষ ভিডিওটিতে দেখা যায়, নেতানিয়াহু হাঁটছেন এবং হাকাবির সঙ্গে আলাপচারিতায় মগ্ন। হাকাবি সেখানে কৌতুক করে বলেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে পাঠিয়েছেন ইসরায়েলি নেতার খোঁজখবর নিতে।