শুধু ভারতেই ওরাকলের ১২০০০ কর্মী ছাটাই

যুক্তরাষ্ট্র-ভিত্তিক আইটি প্রতিষ্ঠান ওরাকল ভারতে আনুমানিক ১২,০০০ কর্মীকে ছাঁটাই করেছে বলে জানা যাচ্ছে, আর এক মাসের মধ্যেই ছাঁটাইয়ের আরও একটি ধাপ আসতে পারে বলে মঙ্গলবার জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কর্মীরা। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় ৩০,০০০ কর্মীকে ছাঁটাই করেছে। “ভারতে প্রায় ১২,০০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। প্রতিষ্ঠানটি এক মাসের মধ্যেই আরও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে,”—এমনটাই জানিয়েছেন ছাঁটাইয়ের শিকার দু’জন প্রাক্তন কর্মী, যাঁদের মধ্যে একজন প্রতিষ্ঠানটির এইচ আর বিভাগের কর্মী। ছাঁটাইয়ের শিকার হওয়া কর্মীদের অন্তর্ভুক্ত করলে, ভারতে ওরাকলের মোট কর্মীর সংখ্যা দাঁড়ায় প্রায় ৩০,০০০। এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি ওরাকল। কর্মীদের কাছে পাঠানো একটি ইমেলে ওরাকল জানিয়েছে যে, কর্মীদের প্রতিষ্ঠানের কাঠামোগত কিছু পরিবর্তন সম্পর্কে অবহিত করা হয়েছিল। ইমেলে আরও বলা হয়েছে, “এই পরিবর্তনগুলোর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও সুবিন্যস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে; আর এর ফলে, দুর্ভাগ্যবশত, আপনি বর্তমানে যে পদে কর্মরত আছেন, সেই পদটির আর কোনও প্রয়োজনীয়তা থাকবে না।” ভারতে যাঁরা অন্তত এক বছর ধরে কর্মরত ছিলেন, এমন প্রত্যেক কর্মীকে প্রতিষ্ঠানটি ১৫ দিনের বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর পাশাপাশি ছাঁটাইয়ের তারিখ পর্যন্ত এক মাসের বকেয়া বেতন, অব্যবহৃত ছুটির বিপরীতে নগদ অর্থ, যোগ্যতা সাপেক্ষে গ্র্যাচুইটি এবং এক মাসের নোটিশ পিরিয়ডের বেতনও দেওয়া হবে। এ ছাড়াও, ওরাকল কর্মীদের বাড়তি সুবিধা হিসেবে আরও দুই মাসের বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে।