শর্টকাট নিতে গিয়ে কুঁয়োর পড়ল গাড়ি

শর্টকাট পথ বেছে নেওয়ার একটি সিদ্ধান্ত একটি পরিবারের নয়জন সদস্যের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। যাদের মধ্যে ছয়জনই ছিল শিশু। মহারাষ্ট্রের নাসিক জেলায় তাদের গাড়িটি একটি কুয়োর মধ্যে পড়ে যায়। শুক্রবার, দরগুড়ে পরিবারের তিনজন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু দিনদোরিতে অবস্থিত একটি কোচিং সেন্টারের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। তাদের মধ্যে ছিলেন সুনীল দরগুড়ে (৩২), তাঁর স্ত্রী রেশমা (২৭), মেয়ে গুণবতী (১১); সুনীলের শ্যালিকা আশা (৩২) এবং তাঁর সন্তান শ্রেয়শ (১১), শ্রাবণী (১১), শ্রদ্ধা (১৩) ও সৃষ্টি (১৪); এবং এক আত্মীয়ের সন্তান সমৃদ্ধি (৭)। অনুষ্ঠান শেষে, ওই নয়জন সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত নিজেদের গ্রামের উদ্দেশ্যে রওনা হন। তখন সন্ধ্যা নেমে এসেছিল; মারুতি সুজুকি XL6 গাড়িটি চালাচ্ছিলেন সুনীল, এবং তিনি শর্টকাটের জন্য একটি বিকল্প পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। এটি একটি মারাত্মক ভুল হিসেবে প্রমাণিত হয়। গাড়িটি রাস্তার পাশে থাকা একটি কুয়ার পাড়ে ধাক্কা খায় এবং সরাসরি কুয়ার ভেতর পড়ে যায়। ওই গভীর কুয়াটির ৪০ ফুট পর্যন্ত জল ছিল। স্থানীয় বাসিন্দারা যখন বিকট শব্দ শুনতে পান, তখন তাঁরা দ্রুত কুয়ার কাছে ছুটে যান এবং দমকল বাহিনীকে খবর দেন। বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করার চেষ্টা করেন, কিন্তু চারপাশের অন্ধকার এবং কুয়ার গভীরতা তাঁদের সামনে বড় বাধা হয়ে দাঁড়ায়।