ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ কিশোরীর মৃতদেহ উদ্ধার

কর্ণাটকের চন্দ্রদ্রোনা পর্বতমালায় একটি পারিবারিক ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া কেরালার ১৪ বছর বয়সী এক কিশোরীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের তল্লাশি অভিযানের চার দিন পর তার মরদেহ পাওয়া যায়; এদিকে, কিশোরীর পরিবারের ধারণা, এটি অপহরণের একটি ঘটনা হতে পারে। কেরালার পালক্কাডের বাসিন্দা এবং দশম শ্রেণীর ছাত্রী শ্রী নন্দা প্রায় ৪০ জন আত্মীয়ের সঙ্গে কর্ণাটকে পারিবারিক ভ্রমণে গিয়েছিল। পুলিশের তথ্যমতে, তারা উত্তর কর্ণাটক অঞ্চলের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ‘হাম্পি’ পরিদর্শন শেষে গত ৭ এপ্রিল বিকেল ৩টার দিকে চিক্কামাগালুরু শহরে পৌঁছান। এরপর তারা ব্যক্তিগত জিপে চড়ে একটি তীর্থস্থানে যান এবং পরবর্তীতে ৭ এপ্রিলই চন্দ্রদ্রোনা পাহাড়ের একটি পর্যটন কেন্দ্রে হাইকিংয়ে অংশ নেন। হাইকিংয়ের দিন পরিবারের এক সদস্যের সঙ্গে ওই কিশোরীকে একটি ভিডিওতে দেখা গিয়েছিল।