কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে (৯২) শনিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। আশা ভোঁসলের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়ার পরপরই, তাঁর নাতনি ও সংগীতশিল্পী জানাই ভোঁসলে নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে তাঁর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে একটি বার্তা শেয়ার করেন। জানাই ভোঁসলে জানান যে, “অত্যধিক ক্লান্তি এবং বুকে সংক্রমণের” কারণে আশা ভোঁসলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লিখেছেন, “আমার দিদিমা আশা ভোঁসলে, অত্যধিক ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যেন আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে; আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে এবং আমরা আপনাদের ইতিবাচক খবর জানাতে পারব।”