দিল্লিতে একটি স্লিপার বাসের ভেতরেই ওই বাসের চালক ও কন্ডাক্টর মিলে এক মহিলাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, গত ১২ মে এই ঘটনাটি ঘটে; এরপরই অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে, পুলিশ ১২ মে রানি বাগ থানায় ‘ভারতীয় ন্যায় সংহিতা’-এর ধারা ৬৪(১) (ধর্ষণ), ৭০(১) (গণধর্ষণ) এবং ৩(৫) (সাধারণ অভিপ্রায়)-এর অধীনে একটি এফআইআর দায়ের করে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ‘‘অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার বিষয়ে পরবর্তী তদন্ত চলছে।’’ সূত্রটি আরও জানায় যে, সংশ্লিষ্ট বাসটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বাসটির জানালায় ‘টিন্টেড গ্লাস’ বা অস্বচ্ছ কাঁচ লাগানো ছিল—যা ব্যবহার নিয়মবহির্ভূত। এছাড়া অভিযোগ রয়েছে যে, বাসটিতে কোনও ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থাও ছিল না। পুলিশ জানিয়েছে, একটি কারখানায় কাজ শেষ করে ওই মহিলা যখন বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই এই ঘটনাটি ঘটে। আক্রান্ত মহিলা সরস্বতী বিহারের ‘বি-ব্লক’ বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছলে, সেখানে দাঁড়িয়ে থাকা স্লিপার বাসের এক অভিযুক্তের কাছে সময় জানতে চান। অভিযোগ যে, ওই ব্যক্তি জোর করে তাকে বাসের ভেতরে টেনে নিয়ে যায় এবং সেখানেই তার ওপর এই পাশবিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের পর তাকে বাস থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়।