ইন্ডিগো বিমানের স্পিকার বক্স থেকে উদ্ধার সোনার বিস্কুট

শুক্রবার দুবাই থেকে আসা ইন্ডিগোর একটি বিমানের স্পিকার বক্সের ভেতর লুকিয়ে রাখা ৪.২৬ কোটি টাকারও বেশি মূল্যের সোনা বাজেয়াপ্ত করেছে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তারা। ইন্ডিগো ফ্লাইট ৬ই-১৪৭৮ (6E-1478)-এ তল্লাশি চালানোর সময়, বিমানকর্মীদের সহায়তায় শুল্ক কর্মকর্তারা বিমানের সামনের দিকের শৌচাগারে থাকা একটি স্পিকার বক্সের ভেতর কালো প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো দু’টি প্যাকেট বা পাউচ খুঁজে পান। পরীক্ষা-নিরীক্ষার পর কর্মকর্তারা২৪ ক্যারেটের বিদেশি সোনার বিস্কুট উদ্ধার করেন, যার মোট ওজন ২,৭৯৯.৩ গ্রাম। স্থানীয় বাজারে বাজেয়াপ্ত এই সোনার মূল্য প্রায় ৪.২৭ কোটি টাকা। শুল্ক কর্মকর্তাদের মতে, সোনা লুকানোর ধরন দেখে মনে হয়েছে যে, কোনও অজ্ঞাত ব্যক্তি ১৯৬২ সালের কাস্টমস আইন লঙ্ঘন করে ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে এটি লুকিয়ে রেখেছিল।