যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাই-ডাইভিংয়ের একটি বিমান ভেঙে যে ১২ জন নিহত হয়েছেন, তাঁদের মধ্যে ২৪ বছর বয়সী এক ভারতীয় প্রযুক্তিবিদও ছিলেন। কানসাস সিটি থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণে বেটস কাউন্টির বাটলার মেমোরিয়াল বিমানবন্দরে ঘটা এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একমাত্র ভারতীয় হিসেবে সাই কার্তিক ভার্মা দাতলার পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁর লিঙ্কডিন প্রোফাইল অনুযায়ী, দাতলা কানসাস সিটি মেট্রোপলিটন এলাকায় কর্মরত একজন প্রযুক্তি পেশাজীবী ছিলেন। তিনি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল মিসৌরি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন এবং স্বাস্থ্যসেবা প্রযুক্তিতে কাজ করতেন। প্রোফাইল থেকে জানা যায়, তিনি বর্তমানে ‘অ্যাডভেন্টহেলথ’-এ কর্মরত ছিলেন এবং এর আগে ‘ক্যাপজেমিনি’-তে কাজ করেছেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর দাতলা ক্লাউড মাইগ্রেশন, অটোমেশন এবং সফটওয়্যার ডেপ্লয়মেন্টের মতো প্রকল্পে কাজ করে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছিলেন। স্কাই-ডাইভিংয়ের নিয়ন্ত্রক সংস্থা ‘ইউনাইটেড স্টেটস প্যারাশুট অ্যাসোসিয়েশন’ জানিয়েছে যে, এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে তাদের প্রযুক্তি পরিচালক জেন শার্পও ছিলেন।