নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ির ঘোড়াটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দৌড়াতে শুরু করলে গাড়ি থেকে ছিটকে পড়ে ভারতের এক ১৮ বছর বয়সী পর্যটকের মৃত্যু হয়েছে। এই আকস্মিক দুর্ঘটনার ফলে ঐতিহাসিক ঘোড়ার গাড়ি পরিষেবা নিষিদ্ধ করার দাবি নতুন করে জোরালো হয়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই পর্যটকের নাম রোমাঞ্চ মহাজন। বুধবার বিকেল ৩টার কিছু আগে তিনি আরও তিনজন যাত্রীর সঙ্গে ওই গাড়িতে চড়েছিলেন; এই সময় ঘোড়াটি হঠাৎ দৌড়াতে শুরু করে। গাড়ি থেকে ছিটকে মাটিতে আছড়ে পড়ার ফলে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলেও পরে মৃত্যু হয়। গাড়ির অন্য যাত্রীদের চোট অতটাও গুরুতর ছিল না।