ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ঐতিহাসিক লাল কার্ড

ফিফার নতুন নিয়ম অনুযায়ী মাঠের মধ্যে প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত বিতর্কের সময় মুখ ঢেকে রাখার কারণে বহিষ্কৃত হওয়া প্রথম খেলোয়াড় হিসেবে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন ফুটবলের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত নজির গড়লেন। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অনুষ্ঠিত বিশ্বকাপ ‘গ্রুপ ডি’-এর ম্যাচে তুরস্কের মের্ত মুলদুরকে লক্ষ্য করে কিছু বলার সময় মুখ ঢেকে রাখায় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিউক্যাসলের প্রাক্তন খেলোয়াড় আলমিরনকে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ভিএআর (VAR) পর্যালোচনার পর আলমিরনকে বহিষ্কার করার সময় প্যারাগুয়ে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। ফিফা গত এপ্রিলে ঘোষণা করেছিল যে, প্রতিপক্ষের সঙ্গে বিতর্কের সময় কোনও খেলোয়াড় মুখ ঢেকে রাখলে তাঁকে লাল কার্ড দেখানো হবে। ফিফা জানিয়েছে, বিশ্বকাপে চালু করা এই উদ্যোগটি বর্ণবিদ্দেষের মোকাবিলার বৃহত্তর প্রচেষ্টারই একটি অংশ। চলতি বছরের শুরুর দিকে এক বিতর্কের জেরে এই নতুন নিয়মটি প্রবর্তন করা হয়; সেই ঘটনায় ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচে রিয়েল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবিদ্দেষমূলক গালি দেওয়ার অভিযোগ উঠেছিল বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে।