কেরালার ওয়াইনাদে একটি সুড়ঙ্গ নির্মাণস্থলের কাছে ব্যাপক ভূমিধসের ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন; এই ঘটনাটি সেই ২০২৪ সালের বিপর্যয়ের স্মৃতি ফিরিয়ে এনেছে যাতে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। গত কয়েক দিন ধরে চলা অবিরাম বৃষ্টির মধ্যেই ঘটা এই ঘটনায় অন্তত সাতজন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে মীনাক্ষী সেতুর কাছে, যেখানে ‘আনাক্কামপয়িল-কাল্লাদি-মেপ্পাদি’ টুইন টানেল বা জোড়া সুড়ঙ্গ প্রকল্পের কাজ চলছে। প্রকল্পটি সম্পন্ন হলে তা মালাপ্পুরম ও ওয়াইনাদ জেলাকে সংযুক্ত করবে। এলাকাটি মুন্ডাক্কাইয়ের কাছাকাছি অবস্থিত, যা ২০২৪ সালের ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকার আশঙ্কায় থাকা ব্যক্তিরা হলেন ইঞ্জিনিয়ার ও নিরাপত্তা কর্মী। তিনি বলেন, ‘‘সেখানে যদি কাজ চলত, তবে এটি আরও বড় ট্র্যাজেডিতে পরিণত হত।’’ কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় প্রায় ২৬৫ মিমি বৃষ্টিপাত হয়েছে, যা এই মরসুমে রেকর্ড করা সর্বোচ্চ বৃষ্টিপাত। ভারী বৃষ্টির কারণে চলতি সপ্তাহের শুরুতেই ওয়াইনাদের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছিল।