দিল্লিতে প্রবল বৃষ্টি, ভেঙে পড়ল গাছ

মঙ্গলবার দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলের (এনসিআর) বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এর ফলে গত কয়েক দিন ধরে চলা তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়া থেকে মানুষ স্বস্তি পেয়েছে। রাজধানীর পাশাপাশি নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ ও দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে। এছাড়া রাজধানীর কিছু এলাকায় গাছ উপড়ে পড়ার ঘটনাও ঘটেছে। ‘ইস্ট অফ কৈলাশ’ এলাকায় একটি বড় গাছ পার্ক করে রাখা গাড়ির ওপর ভেঙে পড়ে। ঘটনাস্থলে দমকল ও পুলিশ বাহিনী পাঠানো হলেও এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আগেই আগামী কয়েক ঘণ্টায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল। পরে তারা সতর্কতার মাত্রা বাড়িয়ে দিল্লির জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করে।