গুজরাটে ভিড়ের মধ্যেই শিশুকে টেনে নিয়ে গেল সিংহ

রবিবার ভোরে গুজরাটের গিরনার পাহাড়ে পরিবারের সঙ্গে ওঠার সময় ১১ বছর বয়সী একটি ছেলেকে সিংহ টেনে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। এর ফলে কর্তৃপক্ষ যাত্রা স্থগিত করে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। যাত্রার পথের ৫০ নম্বর ধাপের কাছে ভোর পৌনে ৬টার দিকে এই ঘটনাটি ঘটে। খেদা জেলার মোদাজ গ্রামের বাসিন্দা ওই পরিবারটি যখন পাহাড়ে উঠছিল, তখন শত শত পুণ্যার্থীর উপস্থিতিতে সিংহটি হঠাৎ আক্রমণ চালায়। সিংহটি শিশুটিকে টেনে নিকটবর্তী জঙ্গলে নিয়ে যায় বলে জানা গিয়েছে। পরে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে তার শরীরের কিছু অংশ উদ্ধার করা হয়। শরীরের অংশগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বন বিভাগ অবিলম্বে ভ্রমণার্থীদের সেখানে যাওয়া থেকে বিরত করে এবং ট্র্যাকার, বনরক্ষী ও পশুচিকিৎসা দলের সহায়তায় তল্লাশি অভিযান শুরু করে।