ভয়াবহ দুর্ঘটনা, স্কুলভ্যানে ধাক্কা ট্রেনের

রেল লাইন পার হওয়ার সময় চালকের মনে কোনও সন্দেহের অবকাশই ছিল না কারণ খোলা ছিল রেলগেট। তাই নিশ্চিন্তেই লাইনের উপর দিয়ে পার হচ্ছিলেন। শুক্রবার সকালে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের রেলগেটে তখন ঘাপটি মেরে ছিল মৃত্যু। মুহূর্তেমুঊর্তে ট্রেনের ধাক্কায় উড়ে গেল গাড়ি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত স্কুলপড়ুয়া-সহ মোট তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেল। আহত ৫ জন। তার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে রয়েছে ন’বছরের জেসিকা ইয়াসমিন এবং ছয় বছরের ফারহানা সুলতানা। এ ছাড়াও জামশেদ আলি নামে বছর পঁয়ষট্টির এক বৃদ্ধেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেল। তিনি কীভাবে দুর্ঘটনার কবলে পড়লেন তা জানা যায়নি। তিনি সেই ভ্যানে ছিলে কিনা সেটাও নিশ্চিত নয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তমন্না, ঈশান, আনিশা নামে তিন শিশু। ওই স্কুলভ্যানের চালক মোশারফ হোসেনও ভর্তি রয়েছেন হাসপাতালে। প্রাথমিক অনুমান, গেটম্যান এবং সুপারভাইজারের গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। আটক করা হয়েছে গেটম্যানকে।