সামারডুং টানেলে দুর্ঘটনার নেপথ্যে মিথেন গ্যাস বিস্ফোরণ

সিকিমের সামারডুং টানেলে ঘটা দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে ভূমিধসের কথা বলা হলেও, আসলে খননকাজ চলাকালীন মিথেন গ্যাসের বিস্ফোরণই এর মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, নির্মাণাধীন টানেলের ভেতরে খননকাজ চালানোর সময় মিথেন গ্যাসযুক্ত পাথরে বিস্ফোরণ ঘটে এবং এর ফলে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস ছড়িয়ে পড়ে, যার জেরে শ্রমিকরা আটকে পড়েন। এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া ১২ জনকে উদ্ধার করা হয়েছে এবং আরও ১৮ জনেরও বেশি মানুষ ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার বিকেল ৩.৯ মিনিটে দক্ষিণ সিকিমের সামারডুং টানেলে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে ‘তিস্তা স্টেজ ৬ জলবিদ্যুৎ প্রকল্প’-এর একটি অংশের নির্মাণকাজ চালাচ্ছে প্যাটেল ইঞ্জিনিয়ারিং। সূত্র জানিয়েছে, বিপজ্জনক গ্যাসটি দ্রুত টানেলের ভেতর ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা শ্রমিকদের পক্ষে বেরিয়ে আসা অসম্ভব হয়ে পড়ে এবং উদ্ধারকাজও মারাত্মকভাবে ব্যাহত হয়। তারা আরও জানান, উদ্ধারকারী দলের সদস্যরা টানেলের ভেতরে আটকা পড়াদের কাছে পৌঁছানোর আগেই মিথেন গ্যাসের তীব্র ঘনত্বের কারণে পিছু হটতে বাধ্য হন।