মুম্বই পুলিশ একটি ভাইরাল ভিডিওর বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশের এক চালক আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন যে, তারা যদি আবার আন্দোলনে অংশ নেয় তবে তাদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মিথ্যা মামলা দেওয়া হবে। বুধবার আটক হওয়ার পর পুলিশের গাড়িতে বসে থাকা শিক্ষার্থীরাই সম্ভবত এই ভিডিওটি লুকিয়ে করেছিল। ভিডিওতে ওই পুলিশকর্মীকে শিক্ষার্থীদের আরও আন্দোলনে অংশ না নেওয়ার বিষয়ে সতর্ক করতে শোনা যায়; তিনি হুমকি দেন যে, তা না হলে “মাদক সংক্রান্ত মিথ্যা মামলা” দিয়ে তিনি তাদের “জীবন ধ্বংস” করে দেবেন। তাকে আরও বলতে শোনা যায় যে, তখন তারা জামিন পাবে না এবং তাদের “জেলেই পচতে হবে”। গাড়ির পেছনের আসনে বসে থাকা শিক্ষার্থীদের এ সময় হাসাহাসি করতে দেখা যায়। পুলিশকর্মীকে বলতে শোনা যায়, “আন্দোলনে যদি তোমাদের আবার দেখি, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি তোমাদের পকেটে ৫০ গ্রাম পাউডার (মাদক) গুঁজে দেব। তখন তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এমন ব্যবস্থা করব যাতে তোমরা জামিন না পাও।” হুমকির পাশাপাশি তিনি একটি অকপট স্বীকারোক্তিও দেন। ভিডিও ক্লিপটিতে তাকে বলতে শোনা যায়, “তোমাদের কারণেই আমরা ভোগান্তির শিকার হচ্ছি।”