লখনউ-কানপুর এক্সপ্রেসওয়েতে ফাটল

উত্তর প্রদেশে ধুমধাম করে লখনউ-কানপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের দুই সপ্তাহও পার হয়নি। এর মধ্যেই বৃষ্টির কারণে এক্সপ্রেসওয়ের একটি অংশে ফাটল দেখা দিয়েছে, যা নির্মাণকাজের গুণমান নিয়ে উদ্বেগ তৈরি করেছে। ৪,২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘লখনউ-কানপুর গ্রিনফিল্ড ন্যাশনাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে’টির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি—গত ১৩ জুলাই। কিন্তু ২৫ জুলাইয়ের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। রাস্তার একটি বড় অংশ ধসে পড়ে; উদ্বোধনের মাত্র ১২ দিনের মাথায় উন্নাও থেকে আসা এই দৃশ্য দেখে কর্তৃপক্ষ হতবাক হয়ে পড়ে। সমাজবাদী পার্টির নেতা মধুসূদন যাদব এক্সপ্রেসওয়ে থেকে একটি ভিডিও শেয়ার করে জানান যে, কোরারী গ্রামের কাছে রাস্তার প্রায় পাঁচ থেকে সাত মিটারের একটি অংশ ধসে পড়েছে।