সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে গুলি, মৃত তিন

যুক্তরাষ্ট্রের সিয়াটলে শহরের বিখ্যাত ‘স্পেস নিডল’-এর ঠিক এক ব্লক দূরে একটি ফুড ফেস্টিভ্যালে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। সিয়াটলের মেয়রের কার্যালয় নিশ্চিত করেছে যে, পুলিশ একজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় কর্তৃপক্ষের ধারণা, দু’জন ব্যক্তি একে অপরের দিকে গুলি চালাচ্ছিল। পুলিশের তথ্যমতে, আরেকজন সন্দেহভাজন এখনও পলাতক। সিয়াটল পুলিশ বিভাগ ‘এক্স’ (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানিয়েছে, “পুলিশ গোলাগুলির ঘটনার তদন্ত করছে। এতে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে। আরও তথ্য পরে জানানো হবে। অনুগ্রহ করে এলাকাটি এড়িয়ে চলুন।” ‘বাইট অফ সিয়াটল’ উৎসব চলাকালে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সিয়াটল সেন্টারে এই গোলাগুলির ঘটনা ঘটে। ‘সিয়াটল টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, আহতদের হারবারভিউ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। শত শত স্থানীয় বিক্রেতা ও সরাসরি সঙ্গীত পরিবেশনার আয়োজনে সিয়াটল সেন্টারে যখন বার্ষিক ‘বাইট অফ সিয়াটল’ উৎসব চলছিল, ঠিক তখনই এই গোলাগুলির ঘটনাটি ঘটে।