জাপানে ভূমিকম্প, সুনামি সতর্কতা

মঙ্গলবার জাপানের কুমামোতো অঞ্চলে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে কিউশু দ্বীপের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতা ও জরুরি বার্তা জারি করা হয়েছে। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির (জেএমএ) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের ফলে ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিউশুতে অবস্থিত কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারের জন্যও জাপানি সরকার জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে। তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ সুনামির ঝুঁকির বিষয়টি পর্যবেক্ষণের পাশাপাশি ভূমিকম্পের প্রভাব পর্যালোচনা করছে।