প্রয়াত দেব আনন্দের পুত্র সুনীল আনন্দ

হিন্দি সিনেমার কিংবদন্তি দেব আনন্দ ও অভিনেত্রী কল্পনা কার্তিকের ছেলে, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা সুনীল আনন্দ মঙ্গলবার প্রয়াত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তাঁর ভাইজি জিনা নারাং এ তথ্য জানিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য হয়ে ভারতে ফেরার পথে লন্ডনে থাকাকালীন সুনীল আনন্দ হার্ট অ্যাটাকের শিকার হন। হার্ট অ্যাটাকের পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁর স্টেন্ট বসানোর (অ্যাঞ্জিওপ্লাস্টি) পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তিনি দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের শিকার হন। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাকতালীয়ভাবে, তিনি ঠিক সেই হাসপাতালেই মারা যান যেখানে বহু বছর আগে তাঁর বাবা দেব আনন্দের মৃ্ত্যু হয়েছিল। ১৯৮৪ সালে দেব আনন্দ পরিচালিত ‘আনন্দ অউর আনন্দ’ সিনেমার মাধ্যমে সুনীল আনন্দের অভিনয়ে অভিষেক ঘটে। এছাড়া তিনি ‘কার থিফ’, ‘ম্যায় তেরে লিয়ে’ এবং ‘মাস্টার’-এর মতো চলচ্চিত্রেও অভিনয় করেছেন।