এন চন্দ্রশেখরন টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আগামী ১৮ অগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া কোম্পানির বার্ষিক সাধারণ সভার আগেই তিনি এই পদত্যাগের ঘোষণা করেন। এক বিবৃতিতে চন্দ্রশেখরন বলেন, ‘‘টাটা গ্রুপে আমার পেশাগত জীবনের ৪০ বছর পূর্ণ হয়েছে। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে অবদান রাখার মতো অত্যন্ত সন্তোষজনক সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। গত এক দশক ধরে টাটা সন্সের নেতৃত্ব দেওয়া আমার জন্য এক বিশাল সম্মান ও গভীর দায়িত্বের বিষয় ছিল।’’ চন্দ্রশেখরনের বর্তমান মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন যে, মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর পুনর্নিয়োগ চাইবেন না। বিবৃতিতে আরও বলা হয়, ‘‘দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াটি সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমি বোর্ডকে দ্রুত পরবর্তী উত্তরাধিকারী নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছি।’’ পদত্যাগের ঘোষণার পরপরই টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানি—যেমন টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), টাটা স্টিল ও টাটা পাওয়ার কোম্পানি—এর শেয়ারের দরপতন ঘটে। সকাল ১১:৩০ নাগাদ টাটা পাওয়ারের শেয়ারের দর ১.২৬ শতাংশ, টিসিএসের ৩.৯ শতাংশ এবং টাটা স্টিলের ১.৮৩ শতাংশ কমে যায়।