মা ও ছোট ভাইকে খুন ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের শহরতলিতে অবস্থিত নিজের বাড়িতে মা ও ছোট ভাইকে খুনের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অ্যাক্টনের বাসিন্দা ১৭ বছর বয়সী অর্জুন অরবিন্দকে বুধবার ভোরে এক দীর্ঘ তল্লাশি অভিযানের পর গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৪৫ বছর বয়সী মা সুধা ভেঙ্কটেশন এবং ১৪ বছর বয়সী ভাই সিদ্ধার্থ অরবিন্দকে খুনের অভিযোগ আনা হয়েছে। কর্মকর্তাদের তথ্যমতে, তার বিরুদ্ধে দু’টি খুনের অভিযোগ ছাড়াও পরিবারের সদস্যের ওপর হামলা ও মারধর, সাধারণ হামলা ও মারধর, অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার এবং গাড়ি চুরির অভিযোগও গঠন করা হয়েছে। পুলিশের অভিযোগ, অ্যাক্টন-বক্সবরো রিজিওনাল হাই স্কুলের ছাত্র অরবিন্দ মঙ্গলবার নিজের বাড়িতে মা ও ভাইকে মারাত্মকভাবে আঘাত করে খুন করে এবং এরপর মায়ের ‘হোন্ডা অ্যাকর্ড’ গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।