আসল তারকা এঁরাই যাঁরা হকি মাঠে ৬০ মিনিট আজও বাজিমাত করতে প্রস্তুত

সুচরিতা সেন চৌধুরী: একদল চল্লিশোর্ধ তারকা যে এখনও বলে বলে গোল‌ দিতে পারেন তা তাঁদের সামনে থেকে না দেখলে বোঝা সম্ভব ছিল না। আমি যখন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ছোট করে তারা পরিচিত আইওসিএল নামে, প্রথম দেখি তখন সেই দলে বেশ কয়েকজন সদ্য প্রাক্তনের সঙ্গে দাঁপিয়ে খেলছেন একঝাঁক জাতীয় হকি দলের তৎকালীন বর্তমান প্লেয়ার। সালটা ২০১১-১২ হবে। সেই সময় কে নেই সেই দলে, দীপক ঠাকুর থেকে দেবেশ চৌহান এমনকি হকির পতৌদি নামে খ্যাত গোলকিপার বলজিৎ সিং। সময় বদলেছে, বদলেছে পরিস্থিতি। কিছুটা ভাল তো কিছুটা সংশয়ের।

মঙ্গলবার বেটন কাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইন্ডিয়ান অয়েল। প্রতিপক্ষ একদল কচিকাঁচাদের নিয়ে তৈরি এফসিআই। বেগ দিল অনামী ছেলেরা ঠিকই কিন্তু আইওসিএল থেকে জয় ছিনিয়ে নিতে পারল না। ম্যাচের ফল ৬-৩ ইন্ডিয়ান অয়েলের পক্ষে। কে কে গোল করলেন সেই নামে পরে আসছি, কিন্তু যাঁরা নিয়মিত হকি চর্চা করেন তাঁরা সেই নাম শুনলেও নিশ্চিত চমকে যাবেন।


এদিন মাঠে সেই দীপক ঠাকুর, সেই দেবেশ চৌহান। যদিও এই দু’জনের ভূমিকা বদলেছে। টিম লিস্ট অনুযায়ী কোচের দায়িত্বে দেবেশ আর ম্যানেজারের ভূমিকায় দীপক। আর যে দলটা মাঠে খেলল তাঁদের প্রত্যেকের সঙ্গেই খেলেছেন কোচ ও ম্যানেজার। কে নেই এই দলে? বিক্রম কআন্ত, রোশন মইঞ্জ, আফান ইউসুফ, কোঠাজিৎ সিং, ভরত চিকারা, রঘুনাথ। রঘুনাথ খেলা ছেড়ে দেওয়ার পর বেশ খানিকটা ওজন বাড়িয়েছেন ঠিকই কিন্তু রক্ষণে এখনও তিনি অটুট। আবার গোল ও করলেন।

তিনি ছাড়া আর যাঁরা গোল করলেন তাঁরা হলেন, আফান ইউসুফ, অঙ্কিত পাল, গুরিন্দর সিং, নীতিশ নুপানে, ভরত চিকারা। এঁদের মধ্যে আফান, গুরিন্দর, ভরতরা একসময় দাঁপিয়ে খেলেছেন দেশের হয়ে। তবে এই বয়সে এখনও খেলা চালিয়ে যাওয়াটা যেমন পজিটিভ দিক তেমনি আশঙ্কার হকি প্লেয়ারদের চাকরির মূল আস্তানা আইওসিএল-এ এখন আর রিক্রুটমেন্ট হচ্ছে না। যে কারণে বুড়ো হাড়েই লড়ে যেতে হচ্ছে রঘুনাথদের। ক্রিড়াবিদদের ভবিষ্যৎ আর সুরক্ষিত হচ্ছে না এই সংস্থায়। আশঙ্কা একদিন না এয়ার ইন্ডিয়ার হাল হয় তাদের। একসময় এমনই দাপুটে দল ছিল এয়ার ইন্ডিয়া। যাদের অন্যতম নাম ছিলেন ধনরাজ পিল্লাই।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle