হানিসিংয়ের ভাইপো বিদিতের মর্মান্তিক মৃত্যু

মর্মান্তিক পথ দুর্ঘটনায় ভাইপোকে হারালেন জনপ্রিয় গায়ক ও র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং। রবিবার ভোরে পঞ্জাবের জলন্ধরে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হানি সিংয়ের ভাইপো বিদিত ওলাকের। তাঁর সঙ্গে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বন্ধু আরব তলোয়ারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ৩টে নাগাদ পুলিশ লাইন্স এলাকার কাছে একটি ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে। একটি Volkswagen গাড়ি BMC Chowk থেকে BSF Chowk-এর দিকে যাওয়ার সময় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি পুরসভার ট্র্যাক্টর-ট্রলিতে ধাক্কা মারে।

জানা গিয়েছে, ওই গাড়িতে প্রথমে পাঁচজন ছিলেন। তবে দুর্ঘটনার সময় বাকি তিনজন গাড়িতে ছিলেন না এবং তাঁরা আগেই বাড়ি ফিরে গিয়েছিলেন। বিদিত ও আরব ঘটনাস্থলেই প্রাণ হারান বলে রিপোর্টে জানানো হয়েছে।


পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় পুরসভার সাফাইকর্মীরা ফ্লাইওভার পরিষ্কার করছিলেন এবং আবর্জনা সংগ্রহের জন্য ট্র্যাক্টর-ট্রলিটি সেখানে রাখা হয়েছিল। বিদিত ছিলেন Speed Records-এর মালিক দীনেশ ওলাকের ছেলে। অন্যদিকে আরব তালওয়ার ছিলেন জলন্ধরের Pappy Sweets-এর মালিকের ছেলে।