রামলীলা ময়দানে বিরোধীদের মহামিছিল

নির্বাচনী তালিকায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের বড়সড় প্রতিবাদে নামল বিরোধী শিবির। শনিবার কেন্দ্রীয় দিল্লির ব্যস্ত রামলীলা ময়দানে জড়ো হয়েছেন বিরোধী দলের একাধিক শীর্ষ নেতা। তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিআই(এম)-এর এম এ বেবি এবং আরজেডি নেতা তেজস্বী যাদব-সহ প্রায় এক ডজন বিরোধী নেতা।

বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংক্রান্ত একাধিক অনিয়মের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। সেই অভিযোগের প্রতিবাদেই এই বৃহৎ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, বিকেল ৪টের দিকে রামলীলা ময়দানের সভায় বক্তব্য রাখতে পারেন রাহুল গান্ধী। বিরোধী দলগুলির পক্ষ থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হওয়ার সম্ভাবনা রয়েছে।