আর্থিক অনিয়মের দায়ে ফিফা দুই প্রাক্তন ফুটবল ফেডারেশন সভাপতিকে আজীবন নিষিদ্ধ করেছে; এদের মধ্যে একজন ক্যারিবিয়ান অঞ্চলে নির্বাচনের সময় ঘুষ কেলেঙ্কারির দায়ে ২০১১ সালে শাস্তির মুখে পড়ার পরেও স্বপদে বহাল ছিলেন। শুক্রবার এক বিবৃতিতে ফিফা জানায়, মন্টসেরাটের দীর্ঘদিনের ফুটবল প্রধান ভিনসেন্ট ক্যাসেলের বিরুদ্ধে “পদের অপব্যবহার, স্বার্থের সংঘাতের পদ্ধতিগত সমস্যা” এবং ফিফা ও ফেডারেশনের তহবিলের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এছাড়া মলদ্বীপ ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি বাসাম আদিল জলিলকে “ব্যক্তিগত স্বার্থে ফিফার কোভিড-১৯ সহায়তা তহবিলের অর্থ অপব্যবহারের” দায়ে এই খেলা থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে মহামারীর সময় ফিফা অনুদান ও ঋণ হিসেবে ১.৫ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ সহায়তা প্রদানের ঘোষণা করেছিল।