বাইক চালককে গাড়ি দিয়ে ধাক্কা, গ্ৰেফতার অভিযুক্ত

গুরুগ্রামে এক মহিলা স্পোর্টস বাইক চালককে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগে অভিযুক্ত চালক কল্যাণ বাইনসলাকে মঙ্গলবার রাজস্থানের দৌসা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে; পাশাপাশি, এই মামলার আরেক অভিযুক্ত ও কল্যাণ বাইনসলার তুতো ভাই লাভনিশ বাইনসলাকেও আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও তথ্যের ভিত্তিতে গুরুগ্রাম পুলিশ অভিযুক্ত চালকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে। এই অপরাধের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। গুরুগ্রামের ডিসিপি (পূর্ব) সন্দীপ কুমার বলেন, “আমরা জানতে পারি যে অভিযুক্ত ব্যক্তি পালওয়ালের বাসিন্দা। তিনটি পুলিশ দল গঠন করা হয় এবং মঙ্গলবার রাজস্থানের দৌসার কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় তার সঙ্গে থাকা আরও এক ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা বিস্তারিত তথ্য জানাব।”